পুবের কলম,ওয়েবডেস্ক: যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণকে সমন পাঠাল দিল্লির আদালত। আসন্ন ১৮ জুলাই সর্ব ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  সমন পাওয়ার পরেও নিজেকে নির্দোষ দাবি করেছেন ব্রিজভূষণ। জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই আদালতে হাজিরা দেব।

জানা গেছে, ৬ কুস্তিগিরকে শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশ ব্রিজভূষণ ও ভিনোদ তোমারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল।
এর ভিত্তিতেই সমন জারি করা হয়েছে। এছাড়াও ডেকে পাঠানো হয়েছে  ভিনোদ তোমারকেও।  রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট হারজিৎ সিং এই নির্দেশ দিয়েছেন।

সাক্ষী মালিক , বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট -সহ দেশের প্রথম সারির কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে  এফআইআর করেছিলেন।

দিল্লি পুলিশ শুরুতে ঢিলেমি দেখালেও, তদন্তের পর ব্রিজভূষণের বিরুদ্ধে  আদালতে চার্জশিট জমা দেয়।
সেই চার্জশিট গ্রহণ করেছে আদালত। তারই  প্রেক্ষিতে ব্রিজভূষণ এবং তাঁর সহকারীকে সমন পাঠিয়েছে রাউস অ্যাভেনিউ আদালত। আগামী ১৮ জুলাই দুপুর ২.৩০ মিনিটে এই মামলার শুনানি হবে জানিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েকমাস ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ব্রিজ ভূষণ শরণ সিং। তাঁর শাস্তির দাবি জানিয়ে দেড় মাসের বেশি সময় ধরে রাস্তায় নেমে আন্দোলন করেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগীররা।

গত ১৫ জুন পাতিয়ালা হাউস কোর্টে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ১০৮২ পাতার চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪,   ৩৫৪এ,৩৫৪ডি ১০৯ এবং ৫০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে।

এর আগে এক নাবালিকা সহ মোট ৭ কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে এক নাবালিকা কুস্তিগির পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেননি। ফলে পকসো আইনের মামলা তাঁর বিরুদ্ধে প্রত্যাহার করে নেওয়া হয়। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ। সেই রিপোর্ট ৫৫২ পাতার।