পুবের কলম, ওয়েব ডেস্কঃদেশের রাজধানী দিল্লির গরম সহ্যের সব মাত্রা ছাড়িয়ে গেল। দিল্লিবাসী গরমে কাহিল। সকাল থেকেই ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, দিল্লি এখনও মরুভূমির চেয়েও বেশি গরম। বুধবার দিল্লির তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি রেকর্ড করা হয়।
দেশের রাজধানীর আবহাওয়ার ইতিহাসে যা নজিরবিহীন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। দিল্লির তাপমাত্রা যখন উত্তোরত্তর বাড়ছে, সেই সময় পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জলের সমস্যা। জল অপচয় রুখতে জারি হয়েছে নয়া ফরমান। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে, জল নষ্ট করলে দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। বুধবার দিল্লির মন্ত্রী অতশী মারলেনা এই নির্দেশ ঘোষণার পাশাপাশি সব নাগরিকদের পরিমিত জল ব্যবহারের আবেদন জানান।আরও পড়ুন:
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, রাজস্থান যে গরম হাওয়া আসছে, তা মুঙ্গেশপুর, নারেলা, নজফগড়ের মতো দিল্লি শহরের বাইরের দিকে অংশে 'হিট' করছে। আর তার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। মৌসম ভবনের এক আধিকারিকা জানিয়েছেন, ইতিহাসে দিল্লিতে এই প্রথমবার এত উপরে উঠল সর্বোচ্চ তাপমাত্রা।
আরও পড়ুন:
আর এখনই সেই ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। আইএমডি'র তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন প্রবল তাপপ্রবাহ চলতে পারে দিল্লির বিভিন্ন জায়গায়। আগামী ১ জুন থেকে কয়েকটি অংশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিন্তু এখন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তা থেকে অনেকটা রেহাই পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।