পুবের কলম ওয়েব ডেস্ক: মুসলিম দেশগুলোর ক্ষোভ ও দীর্ঘ প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অবশেষে জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। ডেনমার্কে পাস হওয়া নতুন এই আইন অনুযায়ী, কেউ পবিত্র কুরআন বা অন্যান্য ধর্মের গ্রন্থ পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।
আরও পড়ুন:
পবিত্র কুরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের সংসদে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। ডেনমার্ক ও প্রতিবেশী সুইডেনে সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিক ও উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রাক্তন মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশের স্বাধীনতা হরণ করবে।
তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না। কুরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা কমাতে বৃহস্পতিবার দেশটিতে পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হল।আরও পড়ুন:
উল্লেখ্য, গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়। এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এ ঘটনায় মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
আরও পড়ুন: