ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখা হলেও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ আগের মতোই বহাল থাকবে।

বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরান সরকারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব তৈরির সুযোগ দিতেই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় ট্রাম্প দাবি করেন, বর্তমান ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তিনি আরও বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন, যাতে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনও হামলা চালানো না হয়।

পাকিস্তানের এই অনুরোধে সাড়া দিয়েই ইরানের নেতাদের একটি সম্মিলিত শান্তি প্রস্তাব তৈরির জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হামলা স্থগিত থাকলেও মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।


তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে কার্যকর প্রস্তাব না আসা পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ চালিয়ে যাবে। অর্থাৎ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অর্থনৈতিক ও সামরিক চাপ কমছে না।

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাম্প্রতিক দিনগুলোতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছিলেন। ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে নতুন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।