BREAKING: শুক্রবার ঈদ সউদি আরবে, পশ্চিমবঙ্গে শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দোড়গোড়ায় ঈদ-উল-ফিতর। শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় বিশ্বের মুসলমানরা। চাঁদ দেখে রোযা শুরু হয়। আর চাঁদ দেখেই শেষ হয় রমযান। উদযাপন হয় পবিত্র ঈদ। সউদি আরবে এবারের ঈদ-উল-ফিতরের প্রথম দিন শুক্রবার।

বৃহস্পতিবার সেখানে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। দেশটির তামির অবজার্ভেটরি থেকে চাঁদ দেখা গিয়েছে। দেশটির সুপ্রিম কোর্টও ঘোষণা দিয়েছে, সউদি আরবে ঈদ হচ্ছে শুক্রবারই। চাঁদ দেখা গেছে তুরস্কেও। ফলে আরবে শুক্রবার ঈদ হলে ভারতীয় উপমহাদেশে শনিবার ঈদ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ, অসমেও ঈদ হবে শনিবার।
কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি বৃহস্পতিবার জানিয়েছেন, আমরা খবর পেয়েছি সউদি আরবে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী শনিবার ঈদ হবে বাংলায়। তবে পুরো ব্যাপারটাই নির্ভর করছে এখানে চাঁদ দেখার উপর।

অন্যদিক, আটটি দেশ আগেই জানিয়ে দিয়েছে, শুক্রবার তাদের ঈদ হচ্ছে না। তারা ৩০টি রোযা পালন করে শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। শনিবার ঈদের ঘোষণাকারী দেশগুলো হচ্ছে---অস্ট্রেলিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, জাপান, মালয়শিয়া, ফিলিপাইনস, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। তারা শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। ব্রুনেইও জানিয়েছে, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর হবে শনিবার। ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা যায়নি। ফলে তারা শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে। জাপানেও চাঁদ দেখা যায়নি। সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মুসলিমরাও জানিয়েছে, তারা ঈদুল ফিতর পালন করবে শনিবার। তবে সউদি আরবে চাঁদ দেখার খবর পাওয়ার পর এই দেশগুলি কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

BREAKING: শুক্রবার ঈদ সউদি আরবে, পশ্চিমবঙ্গে শনিবার