পুবের কলম, ওয়েবডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের কিং আবদুল্লাহ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ২ ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোররাতের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি। আহতদের মধ্যে তিন জন বাংলাদেশি ছাড়াও ৬ সৌদি ও সুদানের একজন নাগরিক রয়েছেন।
২০১৫ সালের ইয়েমেন ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
গত কয়েক দিনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সেনার সংঘর্ষে অন্ততপক্ষে ৬৫ জন মারা গেছেন। দেশের উত্তরভাগ দখল করতে চাইছে হুতি বিদ্রোহীরা।