পুবের কলম প্রতিবেদক: অবশেষে বঙ্গে শীতের আমেজ। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শনিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অন্যদিকে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা, পরে কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল পারদ। শনিবার সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। উত্তর-পশ্চিমের বাতাসে আবহাওয়ার পরিবর্তন হবে, পারদ নামার ইঙ্গিত রয়েছে। শীতের আমেজ অনেকটাই বাড়বে। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব আরবসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসবে সোমবার থেকে।

পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গে খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আংশিক মেঘলা আকাশ। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর-পশ্চিমের বাতাস বইবে।

উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।