পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই নাম না করেই কংগ্রসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে প্রাক্তন সরকারকে আক্রমণ করলেন তিনি। বিজেপি সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছি। ডিজিটাল প্রযুক্তিতে এগিয়েছি। পূর্বতন সরকারের লক্ষ-লক্ষ টাকা গিয়েছিল দুর্নীতিতে। আজ দুর্নীতিমুক্ত হয়েছে দেশ।

উন্নয়নে প্রয়োজন একটি মজবুত সরকার।

যেটা বর্তমানে রয়েছে। আজ দেশের এমন এক সরকার রয়েছে, যে সরকার প্রতি মুহূর্তে দেশের উন্নয়ন আর জনগণের কথা চিন্তা করে। মোদি বলেন, এই সরকারের একটাই দিশা- প্রথমে দেশ। ২০১৪ ও ২০১৯-এ আপনি এমন একটি সরকার গড়েছিলেন যে, আমার সংস্কার করার সাহস রয়েছে এবং একের পর এক সংস্কার করেছে। বর্তমানে সংস্কার করে দেশ গড়ে তোলা হয়েছে। আগামী ১০০০ বছরের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার মানসিকতা আমাদের রয়েছে। যদিও সংস্কার করার জন্য বিরোধিতার মুখে পড়তে হয়েছে।

আজ আমাদের দেশ জনবিন্যাস, গণতন্ত্র ও বৈচিত্র্য দেশের সম্পদ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই তিন বৈশিষ্ট্য মিলে জাতির স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রয়েছে। যুব শক্তির উপর ভরসা রয়েছে। যুগ যুগ ধরে ভারতের শোষণ হয়েছে।

অনেক লড়াই করে স্বাধীনতা এসেছে।

ভারত হারতে শেখেনি, আগামীদিনে ভারত আরও এগিয়ে যাবে। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের বার্তা দিয়ে পুনরায় দিল্লির মসনদে বসার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে ২০৪৭ সালে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতকে বিশ্বভারত করে তোলার বার্তা দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবসের ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ হল আমাদের দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দেন তিনি। মোদি বলেন, পরিবারবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তুষ্টিকরণে আমাদের দেশের বদনাম করেছে।