উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার কোখরাজ এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি রান্নার গ্যাসবাহী ট্যাঙ্কার টোল প্লাজায় সজোরে ধাক্কা মারতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই ঘটনায় টোল প্লাজার ছয় কর্মী এবং এক গাড়িচালক-সহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটি প্রথমে রাস্তার মাঝের বিভাজকে ধাক্কা মারে।

এরপর সেটি ছিটকে গিয়ে সোজা টোল বুথের ভেতরে ঢুকে পড়ে। সংঘর্ষের জেরে ট্যাঙ্কার থেকে গ্যাস বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে প্রায় দুই কিলোমিটার দূর থেকেও তা দেখা যাচ্ছিল।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক দল।

যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জেলার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্যাঙ্কারের এক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ও দমকলকর্মী মোতায়েন করা হয়।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোল প্লাজার কর্মী অলোক সিং, হীরামণি, অতুল মিশ্র, কৃষ্ণপাল মৌর্য এবং ট্যাঙ্কারে থাকা আরও এক চালক।

তাঁদের প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের প্রয়াগরাজের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অন্যদিকে, সামান্য আহত দুই কর্মীর চিকিৎসা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চলছে। তাঁরা বর্তমানে বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ।
আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে এলাকাটি নজরদারিতে রাখা হয়। কী কারণে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।