গুজরাতের ভাবনগর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর র‌্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ছয়জন সিনিয়র স্নাতকোত্তর পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকারও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, অস্ত্রোপচারের পোশাক পরা দুই জুনিয়র ডাক্তারকে অপারেশন থিয়েটারের বাইরে ‘মুরগি’ হওয়ার শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগ, অর্থোপেডিক বিভাগের প্রথম বর্ষের ১৩ জন স্নাতকোত্তর পড়ুয়ার উপর দীর্ঘদিন ধরেই র‌্যাগিং, মানসিক চাপ এবং বিভিন্ন ধরনের হয়রানি চালানো হচ্ছিল।


জুনিয়রদের দাবি, নির্ধারিত সময়ের পরেও তাঁদের ট্রমা সেন্টারে টানা ডিউটি করতে বাধ্য করা হতো। পর্যাপ্ত বিশ্রাম বা খাবারের সুযোগও দেওয়া হতো না। এমনকি এক্স-রে বিভাগের কাজের সময় বিকিরণ থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ‘লিড অ্যাপ্রন’ ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। সামান্য ভুলের জন্য ৫০০ থেকে ১,০০০ বার ক্ষমা প্রার্থনার চিঠি লিখতেও বাধ্য করা হতো বলে জানিয়েছেন কয়েকজন পড়ুয়া।
ঘটনার পর কলেজের অ্যান্টি-র‌্যাগিং কমিটিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের ডিন ডা. চিন্ময় শাহ জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হবে।