পুবের কলম ওয়েবডেস্ক: ট্যারিফের পর এবার এইচ-১বি ভিসা ফি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ঘোষিত হয়েছিল, ভিসার জন্য গুনতে হবে এক ধাক্কায় ১ লক্ষ মার্কিন ডলার। খবর প্রকাশ্যে আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের মধ্যে দেখা দেয় তীব্র উদ্বেগ। একইসঙ্গে দুশ্চিন্তায় পড়ে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিও।

তবে পরিস্থিতি কিছুটা শান্ত করল হোয়াইট হাউস। স্পষ্ট জানানো হয়েছে—বর্তমানে যারা এইচ-১বি ভিসাধারী, তাদের জন্য নতুন এই ফি প্রযোজ্য নয়। অর্থাৎ যাঁদের ইতিমধ্যেই ভিসা মঞ্জুর হয়েছে, তাঁদের অতিরিক্ত কিছু দিতে হবে না।

প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন ফি প্রতি বছর দিতে হবে।

কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, এটি এককালীন ফি—শুধু আবেদন করার সময়ই পরিশোধ করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। ফলে এই তারিখের আগে যারা আবেদন করেছিলেন, কিন্তু ভিসা এখনও অনুমোদিত হয়নি, তাঁদের ক্ষেত্রেও বর্ধিত ফি প্রযোজ্য নয়।

কেবলমাত্র ২১ সেপ্টেম্বর বা তার পরের নতুন আবেদনগুলিতেই এই ফি দিতে হবে।যাঁদের ইতিমধ্যেই ভিসা আছে এবং তাঁরা বর্তমানে আমেরিকার বাইরে রয়েছেন, তাঁদেরও চিন্তার কারণ নেই। দেশে ফিরে আসতে বা ভিসা নবায়ন করতে বাড়তি ফি গুনতে হবে না।