পুবের কলম প্রতিবেদক: সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা চালু করতে বিশেষ কমিটি তৈরি করল রাজ্য স্বাস্থ্য দফতর। আট সদস্যের এই কমিটির সুপারিশ, ধাপে ধাপে সরকারি উদ্যোগে ইউনিটগুলি পরিচালিত করার উদ্যোগ নেওয়া হোক।
আরও পড়ুন:
স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, রাজ্য চাইছে নিখরচায় এই পরিষেবা দিতে, সে কারণেই এমন পদপক্ষে। স্বাস্থ্যভবন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
তাতে বলা হয়েছে, পিপিপি মডেলে চলা অধিকাংশ ডায়ালিসিস ইউনিটগুলির চুক্তি নবীকরণের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা কাজ চালিয়ে গিয়েছে। যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের অবিলম্বে ভাড়া এবং বকেয়া বিল মিটিয়ে দিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাদের চুক্তি নবীকরণ করা হয়েছে, তাদের আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম এবং মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে ডায়ালিসিস ইউনিটগুলি পরিচালিত হয়। গত পাঁচ বছর ধরে বেসরকারি সংস্থাগুলি সরকারি মেডিকেল কলেজে ন্যায্যমূল্যে ডায়ালিসিস করে আসছে। বিভিন্ন মেডিক্যাল কলেজে ৮৮টি এই ধরনের ইউনিট রয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের নির্দেশে পিপিপি মডেলে চলা ২৯টি ইউনিটের সঙ্গে চুক্তি হয়েছে। বাকি ইউনিটগুলির সঙ্গে রাজ্য আর চুক্তি করেনি। ফলে সেই ইউনিটগুলির ভবিষ্যৎ অনিশ্চিত।