পুবের কলম, ওয়েবডেস্ক:রবিবারও কুয়াশা আর মুখ গোমড়া আকাশের থেকে নিস্তার পেল না বঙ্গবাসী। সকাল থেকে মেঘলা আকাশ। সূর্যের দেখা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
কারণ শীতের ভিলেন সাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত। তবে শীত জাঁকিয়ে না পড়লেও স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ভালোই ঠাণ্ডা মিলছে বঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা আর খুব একটা কমবে না। এরই আশপাশে ঘোরাফেরা করবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম।আরও পড়ুন:
এদিন সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী সমস্ত জেলাতেই চলছে কুয়াশার দাপট তবে বেলা বাড়লে ধীরে ধীরে কাটবে কুয়াশার জট। একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
হাঁড় কাঁপানো ঠাণ্ডার দাপট চলেছে বাঁকুড়া সহ পুরুলিয়ায়। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে চলছে কুয়াশার দাপট। কালিম্পং, দার্জিলিংয়েও একই অবস্থা।আরও পড়ুন:
পারদও এক ধাক্কায় অনেকটাই নীচে নেমে গিয়েছে। ঘোরাফেরা করছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কুয়াশার দাপটে ধীরে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশ।