পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে সর্তক ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলল ভারতীয় বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইসরাইলের থাকা ভারতীয়দের উদ্বিগ্ন না হতে এবং সুরক্ষা প্রোটোকল অনুসরণ করতে বলা হয়েছে। ইসরাইলে ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

ভারতীয়দের দূতাবাসে রেজিস্টার করতে বলা হয়েছে। সুরক্ষা প্রোটোকলও জারি করা হয়েছে। ইসরাইলে বসবাসকারী ভারতীয়দের সেই প্রোটোকল অনুসরণ করতে বলা হয়েছে।

ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “আমরা অবিলম্বে শান্তি ফেরানো এবং হিংসা থেকে বিরত থাকুন। কূটনীতির পথে ফিরতে বলা হচ্ছে। ওখানে (ইসরাইল) আমাদের দূতাবাস ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে। ওখানে শান্তি ও স্থিতাবস্থা থাকা অত্যন্ত জরুরি।

 

প্রসঙ্গত, আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই রবিবার ভোর হতে না হতেই ইসরাইলে হামলা চালায় ইরান। ইসরাইলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ভোররাত থেকেই তাদের দেশে শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইরানের হামলা নিয়ে যুদ্ধকালীন ক্যাবিনেট বৈঠক তলব করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাইজ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন।