পুবের কলম,ওয়েবডেস্ক: নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদর দফতরে প্রথমবারের মতো আযান শোনা গেছে। সিটি কাউন্সিলের সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস আনুষ্ঠানিকভাবে জুমার নামায ও রমযান মাসে মাগরিবের নামাযে প্রকাশ্যে আযানের অনুমোদন দেওয়ার পরই সভাস্থল থেকে আযান দেন নিউ ইয়র্ক সিটির ইসলামিক সেন্টারের ইমাম শায়খ আবদুল্লাহ সালিম।

ঐতিহাসিক মুহূর্তে আযান দেওয়ার অনুভূতির কথা জানিয়েছেন শায়খ সালিম। তিনি বলেছেন, ‘নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদর দফতরের অভ্যন্তরে প্রথমবার আযান দিয়েছি। এমন মর্যাদাপূর্ণ কাজের অনুভূতি সত্যিই বর্ণনা করা যায় না।

মুসলিমদের এ সম্মান অর্জনে প্রথমত মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর সহযোগিতার জন্য নিউইয়র্ক সিটি কাউন্সিলকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমান সিটি মেয়র দীর্ঘদিন ধরে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করেছেন।’  মসজিদের আযান প্রসঙ্গে ইমাম সালিম আরও বলেছেন, ‘নিউইয়র্ক সিটির সব মসজিদে নিজস্ব মুয়াজ্জিন রয়েছে। তারা মসজিদের ভেতরের মাইক দিয়ে আযান দিয়ে থাকেন।

মসজিদের বাইরে আযানের কিছুই শোনা যায় না। এখন থেকে আযান দিতে বাইরের মাইক ব্যবহার করা যাবে।’ তিনি আরও জানান, আগে মাইক দিয়ে আযান দেওয়ার জন্য অনেক কাগজপত্রসহ সিটি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হতো। অধিকাংশ ক্ষেত্রে এসব আবেদন অগ্রাহ্য করা হতো। বর্তমানে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন শহরের সব মসজিদ আযানের অনুমতি পেয়েছে।