আঙ্কারা, ১৮ মার্চ: ফের আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর ক্ষোভ ঝাড়লেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকায় তিনি আরব বিশ্বকেও এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। পশ্চিমাদের ভণ্ডামির কারণেই ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।’
আরও পড়ুন:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ১৬৫তম দিনে গড়িয়েছে।
রমযান মাসেও প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যাযজ্ঞ চলছে। এখনও পর্যন্ত ৩১ হাজার ৬৪৫ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব। রবিবার ইস্তান্বুল শহরে এক ইফতার মাহফিলে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে পশ্চিমা বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেন তিনি।আরও পড়ুন:
এরদোগান বলেন, ’পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের হত্যায় ইসরাইলকে এখনও অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তাদের ভণ্ডামির কারণে গাজা নারী ও শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় গোরস্থানে পরিণত হয়েছে।’বক্তব্যে মুসলিম বিশ্বকেও তুলোধুনো করে এরদোগান বলেন, ‘স্বীকার করতেই হবে যে এ ক্ষেত্রে ইসলামি বিশ্বও ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি।’ তবে গাজার জন্য তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ‘তুরস্ক তার সব সামর্থ্য নিয়ে গাজায় আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে আছে এবং থাকবে।’
আরও পড়ুন: