ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি স্পষ্ট ভাষায় বলেন, “খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসন পরিবর্তনের ইঙ্গিত দেওয়ার পরই এই কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান।
ইরানি সেনাবাহিনীর সতর্কবার্তায় বলা হয়, সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করলে তার পরিণতি শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। একই সুরে ইরানের পার্লামেন্টও জানায়, খামেনির ওপর হামলা ইসলামি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। অন্যদিকে, আন্তর্জাতিক মহলে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।