পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ সউদি আরবের সঙ্গে সংযোগ স্থাপন করতে রেলপথ নির্মাণ করবে ইসরাইল। সম্প্রতি টেলিভিশনে দেওয়া ভাষণে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ইসরাইল রেললাইন সম্প্রসারণে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার খরচ করবে। এই উদ্যোগ বাইরের অঞ্চলগুলোকে তেল আবিবের সঙ্গে সংযুক্ত করবে।

এছাড়াও এর মাধ্যমে ভবিষ্যতে সউদির সঙ্গে স্থল সংযোগ সৃষ্টি হবে। সউদি-ইসরাইলের আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে গত সপ্তাহে শীর্ষ মার্কিন কর্মকর্তারা রিয়াদ সফর করেছেন।

এর পরপরই ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী সউদি আরব পর্যন্ত রেলপথ সম্প্রসারণের ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা ইলাত থেকে ভূমধ্যসাগরে রেলপথে কার্গো পরিবহন করতে সক্ষম হব এবং সউদি ও আরব উপদ্বীপের সঙ্গে ইসরাইলকে ট্রেনের মাধ্যমে সংযুক্ত করতে সক্ষম হব।