পুবের কলম,ওয়েবডেস্ক: চোখ কপালে ওঠার মতোই এক ঘটনা ঘটেছে ব্রিটেনে। সেখানে একটি লেবু বিক্রি হয়েছে ১ হাজার ৪১৬ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা প্রায় দেড় লক্ষ  টাকা।

ব্রিটেনের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি লেবু নিলামে তুলে ১,৪১৬ পাউন্ডে বিক্রি করেছে।

তবে দামের চেয়ে আলোচনা বেশি লেবুটির বয়স নিয়ে।
বলা হচ্ছে, লেবুটি ২৮৫ বছরের পুরনো।

বাড়ির একটি পুরনো আলমারির ড্রয়ারের কোনায় পড়ে ছিল সেটি। জানা গেছে, শর্পশায়ারের এক ব্যক্তির কাছে উনিশ শতকের একটি আলমারি ছিল।

আলমারিটি ছিল তার প্রয়াত চাচার।
সেটি নিলামে তোলার জন্য আলোকচিত্রী দিয়ে এর ছবি তুলছিলেন তিনি।

এ সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু দেখতে পান তারা। ব্রিটেলস আরও জানায়, ওই লেবুর গায়ে লেখা ছিল, ‘লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হল।’ এরপর পরিবারের পক্ষ থেকে ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।