ব্যক্তিগত ও পেশাগত অসদাচরণের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন মার্কিন শ্রম সচিব লোরি শ্যাভেজ-ডিরেমার। অধস্তন এক কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কর্মস্থলে মদ্যপান এবং পরিবারের সদস্যদের মাধ্যমে নারী কর্মীদের যৌন হয়রানির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল বলে জানা গেছে।

লোরি শ্যাভেজ-ডিরেমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পদত্যাগ করা তৃতীয় ক্যাবিনেট সদস্য। উল্লেখযোগ্য বিষয় হল, এ পর্যন্ত এই মেয়াদে পদত্যাগ করা তিন উচ্চপদস্থ কর্মকর্তাই নারী।

এর আগে পদ ছাড়েন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, বেসরকারি খাতে যোগ দেওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন লোরি। তবে রাজনৈতিক মহলের মতে, এই পদত্যাগের নেপথ্যে রয়েছে একাধিক বিতর্ক। বিশেষ করে তাঁর স্বামী শন ডিরেমারের বিরুদ্ধে দপ্তরের ভেতরে নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শ্রম সচিব হিসেবে দায়িত্ব পালনকালে লোরি শ্যাভেজ-ডিরেমার আন্তর্জাতিক পর্যায়ে শিশুশ্রম প্রতিরোধে বরাদ্দ অর্থ বাতিল এবং শ্রমিক সুরক্ষার একাধিক নীতিমালা শিথিল করায় তীব্র সমালোচনার মুখে পড়েন। এসব সিদ্ধান্ত শ্রমিক সংগঠন ও মানবাধিকার মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল।

তার পদত্যাগের পর আপাতত কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রম সচিবের দায়িত্ব পালন করবেন। এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।