পুবের কলম,ওয়েবডেস্ক: অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  শুক্রবার গুজরাত হাইকোর্ট কেজরিওয়ালের এই অন্তর্বর্তী  জামিনের আবেদনে অনুমোদন করেনি। মোদির ডিগ্রি বিতর্কে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং আপ সাংসদ সঞ্জয় সিংহের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা।  এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরি-সঞ্জয়।
যা খারিজ করে দিয়েছে আদালত। ১৩ জুলাই কেজরিওয়াল এবং সঞ্জয়কে হাজির হতে বলেছিল গুজরাতের আদালত। কিন্তু ওই দিন শুনানি শুরু হতেই কেজরিওয়ালের আইনজীবী জানান, দিল্লিতে প্রবল বৃষ্টি চলছে। তাঁর মক্কেল তা নিয়ে ব্যস্ত রয়েছেন।
তাই হাজির থাকতে পারবেন না।

গুজরাত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পীযূষ প্যাটেল তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। পীযূষের দাবি,গুজরাত হাই কোর্টের নির্দেশের পর কেজরিওয়াল এবং সঞ্জয় যে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং টুইটারে তা পোস্ট করেছিলেন, তাতেই বিশ্ববিদ্যালয়ের মর্যাদাহানি হয়েছে।

নরেন্দ্র মোদির ডিগ্রি নিয়ে বহুকাল ধরেই ধোঁয়াশা রয়েছে বহু মনে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গুজরাত বিশ্ববিধালয়ের কাছে মোদির ডিগ্রি ও সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। সে কারণেও তাঁর বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করে গুজরাত হাইকোর্ট।