পুবের কলম ওয়েবডেস্ক : দিঘায় (Digha) বেড়াতে এসে প্রবল সমস্যায় পড়লেন শতাধিক পর্যটক। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের নির্দেশ অনুযায়ী পর্যটক প্রতি ১০ টাকা করে কর জমা দেওয়ার নিয়ম থাকলেও অভিযোগ, বেশ কিছু হোটেল নিয়ম মেনে কর দিচ্ছিল না। সেই অভিযোগে হঠাৎ করেই রাতে একাধিক হোটেলে হানা দেয় পর্ষদের আধিকারিক ও পুলিশকর্তারা।
আরও পড়ুন:
পর্যটকদের বের করে ওল্ড দিঘার হোটেল শ্যাম সুন্দর আবাস, নয়নতারা হোটেল-সহ বেশ কিছু হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ পর্যটকরা জানান, পরিবার নিয়ে বেড়াতে এসে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমন আচরণ পুলিশের উচিত হয়নি। পর্ষদের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, নোটিস পাঠানো সত্ত্বেও কর জমা না করায় হোটেল বন্ধ করা হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, হোটেল ব্যবসায়ী দেবব্রত দাস অভিযোগ করে বলেন, ‘কর জমা করতে না পারলেও পর্যটকদের রাতের অন্ধকারে রাস্তায় নামানো উচিত হয়নি।
পুলিশ এবং পর্ষদ চাইলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’ দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায়ও বলেন, ‘রাতে না করে সকালে ব্যবস্থা নিলে পর্যটকদের দুর্ভোগ এড়ানো যেত।’আরও পড়ুন:
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে দিঘার পর্যটনমহল। বহু মানুষ জানান, হঠাৎ মাঝরাতে হোটেল ছাড়তে বাধ্য হওয়ায় তাদের ভ্রমণ পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গিয়েছে। কারও ছোট সন্তান, কারও সঙ্গে বৃদ্ধ বাবা-মা সব মিলিয়ে অসহায় অবস্থায় পড়তে হয় পর্যটকদের।