পুবের কলম ওয়েবডেস্ক: কানাডায় ভারতীয় ছাত্রীর রহস্যমৃত্যু!মৃত পড়ুয়ার নাম তনয়া তিয়াগি। কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সূত্রের খবর, পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তনয়ার মৃত্যুতে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
তনয়া আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি জানা যাবে।

ভ্যানকুভারের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রী তানিয়া তিয়াগির আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। তাদের সবরকম সাহায্য করতে আমরা বদ্ধপরিকর।’