পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে। তবে ঠিক কোন বিষয়ে ভাষণ দেবেন, তা এখনও স্পষ্ট নয় এবং সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে মানুষ উদ্বেগেই রয়েছেন।কারণ, অতীতে একাধিক বার এই ধরনের ভাষণ থেকে বড় ঘোষণা করেছেন মোদী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশ জুড়ে নোটবন্দি ঘোষণা করেছিলেন তিনি। বাতিল করে দেওয়া হয়েছিল ৫০০ এবং হাজার টাকার সমস্ত নোট। নতুন করে ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট চালুর ঘোষণাও করেছিলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া, ২০২০ সালে দেশ জুড়ে কোভিড অতিমারি চলাকালীন লকডাউন ঘোষণাও করা হয়েছিল মোদীর জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ থেকে। রবিবার প্রধানমন্ত্রী কী বলেন, নতুন কোনও ঘোষণা করেন কি না, সে দিকে তাকিয়ে গোটা দেশ।