পুবের কলম ওয়েবডেস্কঃ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ভিডিও অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের হাজার কোটি টাকার ডিল হয়েছে। এনিয়ে বিজেপি এবং হুমায়ুনকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও হুমায়ুনের দাবি, ওই ভিডিও এআই দিয়ে বানানো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পর এবার এনিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শাহের মতো মোদীও ঘুরিয়ে হুমায়ুনের পাশে দাঁড়ালেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।আরও পড়ুন:
শনিবার বঙ্গে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেন, "এআই দিয়ে ভুয়ো ভিডিয়ো বানিয়ে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে।" উল্লেখ্য, ১০০০ কোটি টাকার ডিল সংক্রান্ত ভিডিওতে প্রধানমন্ত্রী দফতরের উল্লেখ ছিল। যদিও এদিনের সভায় হুমায়ুনের নাম নেননি নরেন্দ্র মোদী। তবে তিনি বলেন, "এসব এআই ভিডিয়োর ফাঁদে পা দেবেন না।
এগুলোকে বিশ্বাস করবেন না।" হুমায়ুন আগেই দাবি করেছেন ওই ভিডিও এআই দিয়ে বানানো। এর আগের দিন সংকল্পপত্র প্রকাশের পর অমিত একইভাবে এটিকে ভুয়ো ভিডিও বলে দাবি করেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এ থেকে একটা জিনিস স্পষ্ট যে এই ভিডিও প্রকাশ্যে আসার পর হুমায়ুনের দলের পাশাপাশি কিছুটা হলেও চাপে পড়েছে বিজেপি। সেই কারণে বিজেপির শীর্ষ নেতাদের এনিয়ে সাফাই দিতে হচ্ছে।আরও পড়ুন:
উল্লেখ্য, বৃহস্পতিবার হুমায়ুনের যে ভিডিও (সত্যতা যাচাই করেনি পুবের কলম)সামনে এসেছিল তাতে কথোপকথনে শুনতে পাওয়া যায়, হুমায়ুনকে উপমুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু ভোট ভাগ করে যে কোনও প্রকারে বিজেপিকে জেতাতে হবে। ভিডিয়ো অনুযায়ী, তাঁর বক্তব্য, ‘পুরো সমর্থন দেব। মমতাকে কোনও ভাবেই আসতে দেব না’। এই পরিকল্পনা সূত্রে প্রধানমন্ত্রীর দফতর, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথাও শোনা গিয়েছে। তৃণমূল এর পরিপ্রেক্ষিতে অভিযোগ করে সংখ্যালঘুদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলছেন অভিযোগ। এই ভিডিওর ফলে বিজেপি ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।