কেন্দ্রের নতুন ‘জি রাম জি আইন’ কার্যকরের বিরোধিতায় শুক্রবার দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। বিভিন্ন রাজ্যে আইনটির প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন:
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এই আইন প্রত্যাহার করে ফের চালু করতে হবে মনরেগা বা ১০০ দিনের কাজের আইন। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সর্বভারতীয় সংগঠনগুলি।
আরও পড়ুন:
বিক্ষোভরত কৃষকদের অভিযোগ, কেন্দ্র সরকার গরিব কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। বহুবার আশ্বাস দেওয়া হলেও এখনও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-কে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি।
আন্দোলনকারীদের দাবি, নতুন এই আইন কার্যকর করে কর্পোরেট ও বড় পুঁজিপতি সংস্থাগুলির স্বার্থ রক্ষা করতে চাইছে কেন্দ্র। এর ফলে কৃষক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের সংকট আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৯ মে কেন্দ্র সরকার চার শ্রম কোড আইন কার্যকর সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করে। তার ঠিক দু’দিন পর, ১১ মে প্রকাশিত হয় ‘বিকশিত ভারত— গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘জি রাম জি’ আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে মনরেগার পরিবর্তে এই নতুন আইন কার্যকর হবে।
আরও পড়ুন:
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই দেশজুড়ে পথে নেমেছে কৃষক ও শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে গ্রামীণ কর্মসংস্থান এবং গরিব মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছে সংগঠনগুলি।