প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট-ইউজি ২০২৬ পরীক্ষা ফের অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন, রবিবার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থার এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, নতুন করে কোনও আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে না পরীক্ষার্থীদের। আগের তথ্যের ভিত্তিতেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন:
গত ৩ মে সারা দেশে অনুষ্ঠিত হয়েছিল ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি।
কিন্তু পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত গোটা পরীক্ষাই বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ। এর জেরে অনিশ্চয়তায় পড়ে যায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ।আরও পড়ুন:
চাপের মুখে এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং আগেই জানিয়েছিলেন, ৭ থেকে ১০ দিনের মধ্যেই নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার পরীক্ষার নতুন সূচি প্রকাশ করল সংস্থা।
পরীক্ষার্থীদের অতিরিক্ত কোনও ফি দিতে হবে না বলেও স্পষ্ট করা হয়েছে। তবে নতুন করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এবং পরীক্ষার আগে তা ডাউনলোড করে নিতে হবে।আরও পড়ুন:
এদিকে প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রের শিক্ষা-মাফিয়াদের নাম। তদন্তকারী সংস্থার দাবি, দেশজুড়ে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের মধ্যে এই চক্রের একাধিক মূল পান্ডাও রয়েছে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে ছাত্র সংগঠনগুলি। দিল্লিতে শিক্ষামন্ত্রকের সামনে বিক্ষোভ দেখিয়েছে এসএফআই ও এনএসইউআই। কেন্দ্র সরকারকে নিশানা করেছে কংগ্রেস, তৃণমূল ও আপ-সহ একাধিক বিরোধী দল। এমনকী এবিভিপিও প্রশ্নফাঁসের ঘটনার তীব্র নিন্দা করেছে।