পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত সেন্সাসের প্রথম পর্ব ‘গৃহ গণনা’। এই পর্যায়ে দেশের নাগরিকরা কীভাবে জীবনযাপন করছেন, তাঁদের বাসস্থানের ধরন কী—নিজস্ব না ভাড়া, রান্নার জ্বালানি কী—এই ধরনের নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। সোমবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এবারের সেন্সাসে থাকছে একাধিক নতুনত্ব। প্রথমবারের মতো চালু হচ্ছে অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থা বা ‘সেলফ ইনিউমারেশন’।

এর জন্য খোলা হবে একটি বিশেষ পোর্টাল, পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ। গণনাকারীরা তাঁদের স্মার্টফোনে এই অ্যাপ ব্যবহার করে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবেন।
 
এই ডিজিটাল সেন্সাসে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা-সহ মোট ১৪টি আঞ্চলিক ভাষায় ৩৩টি প্রশ্ন থাকবে। তবে অনলাইনে ফর্ম পূরণ করলেই তা সরাসরি গ্রহণ করা হবে না। প্রতিটি ফর্ম জমা দেওয়ার পর একটি ১১-সংখ্যার বিশেষ আইডি দেওয়া হবে, যার শুরুতে থাকবে ‘H’ (হাউসহোল্ড)।
পরে গণনাকারী ওই আইডির মাধ্যমে তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হওয়ার পরেই তা চূড়ান্তভাবে আপলোড করা হবে।
 
এবারের জনগণনা হবে দুই ধাপে। প্রথম ধাপ ‘গৃহ গণনা’ চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে পরিবারভিত্তিক জীবনযাত্রার তথ্য সংগ্রহ হবে। দ্বিতীয় ধাপে, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে মূল জনগণনা।
পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি ভোটমুখী রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট অঞ্চলে সেন্সাসের কাজ শুরু হবে। প্রতিটি রাজ্য নিজস্ব সময়সূচি অনুযায়ী ৩০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তবে যেকোনো রাজ্যে সেন্সাস শুরু হওয়ার অন্তত ১৫ দিন আগে থেকেই সেলফ ইনিউমারেশন ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে।
 
সেন্সাসের কাজ দ্রুত ও সহজ করতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অনলাইনে ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রক ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু করেছে। ফর্ম কীভাবে পূরণ করতে হবে, তা নিয়ে শীঘ্রই প্রশিক্ষণও দেওয়া হবে। জানা গেছে, এবারের সেন্সাসে প্রায় ৩০ লক্ষ কর্মী যুক্ত থাকবেন।