পুবের কলম,ওয়েব ডেস্ক: ইন্ডিয়া জোটে বড় ধাক্কা! ইন্ডিয়া ছেড়ে এনডিএ তে যোগ দিতে চলেছে নীতীশ কুমার। সব ঠিক থাকলে  রবিবার বিহারে শপথ নিতে চলেছে বিজেপি –জেডিইউ সরকার।

পাল্টি খেতে তিনি ওস্তাদ।  তা আবারও অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন তিনি ।  সূত্রের খবর, ইন্ডিয়া জোট ছেড়ে ফের এনডিএ কিংবা আরও ভালভাবে বললে বিজেপি শিবিরে ফিরতে চলেছেন নীতীশ।

  আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।

উল্লেখ্য,  বিরোধী জোটের অন্যতম রূপকার ছিলেন তিনি। মনে হয়ত বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনাও ছিল।

সাত মাস আগে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। এক মাস পর গত জুলাইয়ে বেঙ্গালুরুতে দুদিন ধরে বৈঠক করে জোটের নামকরণ করা হয়েছিল ইন্ডিয়া।

এই জোট কতদিন স্থায়ী হবে, তা নিয়ে আগে থেকেই  সংশয় প্রকাশ করেছিল একাংশ।

সেই সংশয় এক প্রকার সত্যি প্রমাণিত করে ইতি মধ্যে সিঁদুরে মেঘ ঘনাতে শুরু করেছে।

গত বুধবার মমতা বন্দ্যোধ্যায় খোলাখুলি একলা চলার বার্তা দিয়েছেন ।  বলেছেন ,  রাজ্যে কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। রাহুল প্রসঙ্গে বলেন , যা বলা হচ্ছে, সেটা ভুল। আমরা দুটো আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তা ওরা প্রত্যাখ্যান করে দিয়েছে। বাংলায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বোঝাপড়া ভাল। মমতার সুরে সুর মিলিয়ে পঞ্জাবে বিমুখ কেজরিওয়ালের দল। তারাও জানিয়ে দিয়েছে, পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন নেই। এই আবহে ফের একবার ঘর বদলাবে ইন্ডিয়া জোটের অন্যতম অঙ্কুর  নীতীশ কুমার। তাঁরই আয়োজনে পাটনায় প্রথম মিটিং হয়েছিল জোটের। সেই তিনি গাছে তুলে মই কেড়ে নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেছেন।  গুঞ্জন,  নীতীশ আবার ফিরে যাচ্ছেন বিজেপি তে। বিহারের এই  নেতাকে ‘পল্টু রাম’ বলে কটাক্ষ করাও শুরু হয়েছে।