তাজপুরে প্রস্তাবিত গভীরসমুদ্র বন্দর প্রকল্প আর বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানাল রাজ্য সরকার। পরিবর্তে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবার এলাকায় নতুন বন্দর প্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নবান্নে বন্দর, উপকূলবর্তী অঞ্চল এবং কলকাতার নদী তীরবর্তী এলাকার উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে গভীরসমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি রাজ্য সরকারের হাতে নেই। এই কারণেই প্রকল্পটি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, তাজপুর বন্দর প্রকল্প নিয়ে শিল্পগোষ্ঠী আদানিদের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার দাদনপাত্রবার এলাকায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর দাবি, সেখানে রাজ্য সরকারের মালিকানাধীন প্রায় ১,৭০০ একর জমি রয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দেবে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গেও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল-এর সঙ্গে কথা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদনের ব্যাপারেও ইতিবাচক সাড়া মিলেছে।
মুখ্যমন্ত্রীর কথায়, “তাজপুরে গভীরসমুদ্র বন্দর সম্ভব নয়। তাই বাস্তবসম্মত বিকল্প হিসেবে দাদনপাত্রবারকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে আমাদের পর্যাপ্ত জমি রয়েছে এবং সেই প্রকল্প নিয়েই আমরা এগোব।”
রাজ্যের বন্দর অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।