রাওয়ালপিন্ডি শহরের চাকলালা স্কিম–৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছর বয়সী এক তরুণীর বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বয়সের বড় ব্যবধানের এই বিয়ে গত সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
স্থানীয় কনটেন্ট ক্রিয়েটররা দম্পতির বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিলে তাদের ব্যক্তিগত জীবনের নানা দিক সামনে আসে। এক ভিডিও সাক্ষাৎকারে হাকিম বাবর জানান, পারিবারিক সম্মতি ও পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই তাদের বিয়ে হয়েছে। তাঁর ভাষায়, তারা একে অপরকে পছন্দ করতেন এবং নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছেন। পাশে থাকা তাঁর স্ত্রীও একই কথা সমর্থন করেন।
সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা; মানুষের মন তরুণ থাকাই আসল বিষয়। তিনি জানান, তাঁর স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন এবং তাকে বিয়ে করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সঠিক সিদ্ধান্ত। যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে তিনি অভিযোগ করেন, অনেকেই নিজের জীবনে অনৈতিক সম্পর্ক রেখে অন্যের বিষয়ে মন্তব্য করছেন।
তরুণী স্ত্রীও বলেন, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা নয় এবং উপযুক্ত মানুষকে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।
দম্পতি জানান, আসন্ন ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করবেন এবং এরপর নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা রয়েছে।






























