পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধরত ইসরাইল থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। শুক্রবার একটি চার্টার্ড ফ্লাইটে করে ২৩০ জন ভারতীয়কে ইসরাইল থেকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এর আগে ভারতীয়দের ইসরাইল থেকে ফেরাতে ‘অপারেশন অজয়’-এর ঘোষণা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাতেই তেল আবিবে উড়ে যাচ্ছে একটি বিশেষ বিমান। শুক্রবার সকালে বিমানটি দেশে ফিরতে আগ্রহী এমন ভারতীয়দের নিয়ে ফিরে আসবে। এই অপারেশনের প্রতিটি মুহূর্ত মনিটর করছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইসরাইলে এখন ১৮ হাজার ভারতীয় আছেন। ফিলিস্তিনে আছেন ১৭ জন ভারতীয়। হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাতের পর সেখানে পরিস্থিতি রীতিমতো উত্তেজক ও বিপজ্জনক হয়ে গেছে।
তাই ইচ্ছুক ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার জন্যই শুরু হয়েছে ‘অপারেশন অজয়’। বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে যারা আসবেন, তাদের ই-মেল করে জানিয়ে দিয়েছে ভারতীয় দূতাবাস। বাকি যারা নাম নথিভুক্ত করেছেন, তাদের পরে জানানো হবে যে তারা কবে ফিরতে পারবেন। নৌবাহিনীর একটি জাহাজও প্রস্তুত করে রাখা হচ্ছে। যদি দরকার হয়, তাহলে তাতে করেও ভারতীয়দের দেশে ফেরত আনা হবে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে বিপদগ্রস্ত ভারতীয়দের দেশে ফেরানো হয়েছিল।আরও পড়ুন:
আচমকা আক্রমণে ইসরাইলকে হতবাক করে দিয়েছে হামাস যোদ্ধারা।
৭৫ বছরের দখলদারির জবাব দিতে চায় ফিলিস্তিন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১০০ ফিলিস্তিনি শহিদ ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। শহিদের তালিকায় রয়েছে ৩২৬টি শিশু। গত পাঁচ দিনে ইসরাইলি বিমান হামলায় এসব ফিলিস্তিনি শহিদ হন। ইসরাইলে পড়তে যাওয়া ভারতীয়রা এই হামলা নিয়ে আতঙ্কবোধ করছেন। তবে তারা নিরাপদেই আছেন। যদিও হামাস যোদ্ধারা জানিয়ে দিয়েছে, কোনও সিভিলিয়ানকে যেন আক্রমণ না করা হয়। তবে ইসরাইল যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে তাতে ভারতীয় পড়ুয়ারা চিন্তিত না হয়ে পারছেন না। তাই অনেকেই দেশে ফিরতে চাইছেন। যুদ্ধ কবে থামবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই কেন্দ্রও ‘অপারেশন অজয়’ শুরু করে দিল, ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ হাজার ভারতীয় রয়েছে। ডায়মন্ড ট্রেডার থেকে শুরু করে চাকরি করেন এমন লোকও রয়েছে। মুম্বইয়ে ইসরাইলের কনসাল জেনারেল বলেছেন, কোনও ভারতীয় এই সংঘাতের ফলে হতাহত হয়েছেন, তেমন কোনও খবর তার কাছে নেই। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরাইল গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত বারুচা। তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। রাজ্যসভা সাংসদ খারলুখি-সহ মেঘালয়ের ২৭ জন মানুষ বেথেলহেমে আটকা পড়েছিলেন। তাদের নিরাপদে মিশর নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরব আমিরশাহীর বিদেশমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন। তারা নিয়মিত যোগাযোগ রাখবেন বলেও ঠিক হয়েছে।