প্রকাশিত হল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারও দুর্দান্ত সাফল্য দেখাল রাজ্যের ছাত্রছাত্রীরা। সামগ্রিক পাশের হার ৯১.২৩ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৪ জন পরীক্ষার্থী। একই নম্বর পাওয়ায় একাধিক ছাত্রছাত্রী যুগ্মভাবে মেধাতালিকায় স্থান পেয়েছেন।
এবার রাজ্যে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (আবাসিক) ছাত্র অদৃত পাল। তিনি পেয়েছেন ৫০০-র মধ্যে ৪৯৬ নম্বর।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোট তিনজন পরীক্ষার্থী। ৪৯৫ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল।

৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেবপ্রিয় মাজী, তন্ময় মণ্ডল ও প্রীতম বল্লভ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্য রায় এবং সিউড়ির শুভায়ন মণ্ডল।
চতুর্থ স্থানে রয়েছেন চারজন পরীক্ষার্থী। ৪৯৩ নম্বর পেয়েছেন অরিত্র কুমার চক্রবর্তী, গোলাম ফয়সাল, অর্কদ্যুতি ধর ও চন্দ্রচূড় সেন।
পঞ্চম স্থান অধিকার করেছেন সাতজন পরীক্ষার্থী। ৪৯২ নম্বর পাওয়া এই তালিকায় রয়েছেন মেঘা মজুমদার, ত্রিদেব চক্রবর্তী, সৃজন পারিছা, সৌমিক দত্ত, প্রিয়াংশু মুখার্জি, আলেখ্য মাইতি ও স্বর্ণাভ খাটুয়া।
ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ১০ জন। ৪৯১ নম্বর পাওয়া এই তালিকায় জায়গা করে নিয়েছেন অনুরাগ গাঙ্গুলী, শুভদীপ অধিকারী, মণিদীপ মাহাতো, সৌম্যদ্বীপ খাঁ, সৌমাল্য রুদ্র, প্রত্যুষ মণ্ডল, শুভদীপ দিন্দা, পল্লব কুমার ভাওয়াল, অনিমেষ মুখার্জি ও অদৃতা পাল।
৪৯০ নম্বর পেয়ে একাই সপ্তম হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সৌম্যদ্বীপ ঘোষ।


অষ্টম স্থানে রয়েছেন ১১ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আহমেদ সুহান, আদর্শ মণ্ডল, তপোব্রত দাস, পুষ্পিতা বাসুরী, মৌপিয়া পাল, অরিত্র সাহা, অরিঘ্ন সরকার, ফারহান আলি, রায়হান পারভেজ, শ্রেয়সী শীল ও ধৃতিমান পাল।
নবম স্থান অধিকার করেছেন ৯ জন পরীক্ষার্থী। ৪৮৮ নম্বর পাওয়া এই তালিকায় রয়েছেন অভিমন্যু সিং, অরিত্র দুয়ারী, ময়ূখ পাল, আদিত্য নারায়ণ জানা, অমৃতাংশু সাহু, শুভঙ্কর সামন্ত, সাগর মণ্ডল, সোহম বেজ ও মোহাম্মদ সাহাবুদ্দিন আলি।
দশম স্থানে রয়েছেন সর্বাধিক ১৩ জন পরীক্ষার্থী। ৪৮৭ নম্বর পাওয়া এই তালিকায় রয়েছেন অম্লান রায়, প্রত্যুষা নন্দী, পারিজাত মাইতি, সম্প্রীতি গিরি, সোহম ঘোষ, রৌনক সরকার, অদ্রিজা গণ, সোহম ভৌমিক, সৃজন পাল, সাগ্নিক ঘটক, মেঘন অধিকারী, অরিত্র প্রামাণিক ও সমৃদ্ধ পাল।
এবার মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন। পরীক্ষায় অংশ নেয় ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন।

ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ, যা ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলেও এগিয়ে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান শাখায় পাশের হার ৯৯.১৯ শতাংশ। বাণিজ্যে ৯৩.৬৭ শতাংশ এবং কলা বিভাগে পাশের হার ৮৯.১৯ শতাংশ।
জেলা ভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলার পাশের হার ৯৪.১৯ শতাংশ। এরপর রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও উত্তর ২৪ পরগনা। কলকাতার পাশের হার ৯১.৮৮ শতাংশ।
এবার ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন প্রায় ৬ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থী। সফল সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।