পুবের কলম, ওয়েবডেস্ক: সম্মতির পরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। চুক্তি লঙ্ঘন করে ফের ভারতে হামলা চালাল পাকিস্তান। শনিবার রাতে আখনুর ও নৌসেরা সেক্টরে গোলাগুলি শুরু করে পাক সেনা। এদিকে উরি সীমান্তে পাল্টা প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। বারমেরের আকাশে দেখা যায় পাক ড্রোন।

এই ড্রোনকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। এদিন আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (BSF) মোক্ষম জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের উধমপুর এলাকাতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। পাশাপাশি শনিবার রাতে রাজস্থানে বারমেঢ়, জৈসলমের এবং পঞ্জাবের ফিরোজ়পুরে ব্ল্যাকআউট হয়েছে।

 

শ্রীনগর উপত্যকায় ফের কানে আসছে বিস্ফোরণের শব্দ: মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

 

শনিবার রাত ৯টার কিছু আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সমাজমাধ্যমে জানান, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি।

অস্ত্রবিরতির কী হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর। কিছু সময় পরে একটি ভিডিয়োও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন ওমর। সেখানে ওমর লেখেন, “কোন অস্ত্রবিরতি চলছে না। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই পোস্টগুলির কিছু সময় আগেই সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে, জম্মু শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।