আহমদ হাসান ইমরান: মিডিয়ায় ফের ফিরে আসছেন প্রণয় রায়। তিনি নিজেই এক ভিডিয়ো বার্তায় এই ঘোষণা দিয়েছেন। ভারত এবং এশিয়া মহাদেশে এনডিটিভি-র সুনাম ছিল আন্তর্জাতিক মানের সংবাদ ভিত্তিক টেলিভিশন হিসেবে। আমাদের দেশেও লক্ষ লক্ষ মানুষের আস্থা ছিল এনডিটিভি-র উপর। এনডিটিভি ফেক নিউজ প্রচার করে না এবং নিরপেক্ষ সংবাদ চিত্র ও বিশ্লেষণ তুলে ধরে। এই টিভি-র প্রতিষ্ঠা করেছিলেন প্রণয় রায় এবং সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাধিকা রায়। এনডিটিভি শুরু হয়েছিল সম্ভবত দূরদর্শনে সাপ্তাহিক একটি ৪০-৪৫ মিনিটের শ্লট দিয়ে।

নাম ছিল ‘ওয়ার্ল্ড দিস উইক’। তার এই ‘ওয়ার্ল্ড দিস উইক’ সম্প্রচারের প্রথমদিন থেকেই শ্রোতা-দর্শকদের মনজয় করে নিয়েছিল। তারপর গড়ে ওঠে এনডিটিভি। যার খ্যাতি ছিল জগতজোড়া। এখানে বহু টিভি সাংবাদিকের জন্ম হয়েছে। যেমন বরখা দত্ত, রাজদীপ সরদেশাই, অর্ণব গোস্বামী, রবিশ কুমার এবং আরও অনেকে।

https://twitter.com/deKoderdigital/status/1746189669748850696?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1746189669748850696%7Ctwgr%5E8b42ad8cc276d906c9d226d17635f481b06f6d9c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newslaundry.com%2F2024%2F01%2F15%2Fyear-after-ndtv-exit-prannoy-roy-returns-with-new-venture-dekoder

সত্যি খবর প্রচার করার দায়ে সরকার এই টিভি চ্যানেলের প্রতি রুষ্ট হন। এনডিটিভি-র সম্প্রচার কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই চ্যানেলটির প্রতি সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের ব্যাপক সমর্থন দেখে সরকার সম্প্রচার বন্ধের নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।

এরপর আদানি ও মুকেশ আম্বানি গোষ্ঠী যেমন প্রায় সমস্ত মিডিয়া হাউসকে কিনে নিয়েছে তেমনি আদানি গোষ্ঠী এনডিটিভি-র শেয়ারও কিনে নেওয়ার অপচেষ্টা চালায়। প্রণয় রায় বেশকিছুদিন এই হামলা প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু শেয়ার বাজারের অন্যতম নিয়ন্ত্রক আদানি গোষ্ঠীর এনডিটিভির মালিকানা কিনতে মরিয়া হয়ে ওঠে। কারণ, সম্ভবত এনডিটিভি-ই ছিল একমাত্র মিডিয়া হাউস যা সত্যি খবর প্রচার করতে দ্বিধা করত না।

প্রণয় রায় এবং রাধিকা রায় সরে যেতে বাধ্য হন। তাঁরা এনডিটিভি ছেড়ে চলে যাওয়ার পর ওই চ্যানেলের বেশকিছু নামকরা এবং বিবেকবান সাংবাদিক যারা চাটুকারিতায় সায় দিতে পারেননি তাঁরা পদত্যাগ করেন।

সকলেরই একটি দুঃখ ছিল, প্রণয় রায় কী সংবাদ জগত থেকে হারিয়ে গেলেন? অনেকের ভরসা ছিল, প্রণয় রায় চুপ করে বসে থাকতে পারবেন না। তিনি ফিরে আসবেন। হ্যাঁ, প্রণয় রায় শুরু করতে চলেছেন একটি এআই ভিত্তিক ওয়েবসাইট এবং অ্যাপ। তিনি এর নাম রেখেছেন ‘ডেকোডার’ । আগামী কয়েক সপ্তাহ ও কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে এই সংবাদ ওয়েবসাইট এবং অ্যাপ পূর্ণাঙ্গ রূপ নেবে বলে প্রণয় রায় ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে সংবাদপ্রেমী এবং নিরপেক্ষ শ্রোতা-দর্শকরা এই ঘোষণায় খুব খুশি। তাঁরা আশা করছেন, এনডিটিভি বেহাত হলেও প্রণয় রায় নিজের স্বমূর্তিতে ফিরে আসবেন।