অমরাবতী, ৪ মার্চ: বৃদ্ধ মায়ের চুলের মুঠি ধরে বেধড়ক মারধর, উঠোনে ফেলে এলোপাথাড়ি লাথি। ছাড় পাননি বৃদ্ধ বাবাও। গুণধর ছেলের নৃশংসতা দেখে অবাক প্রতিবেশীরা। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। জানা গিয়েছে, সম্পত্তি লিখে দেওয়ার জেরে বাবা-মা'য়ের উপর চড়াও হয় ছেলে শ্রীনিবাসুলু রেড্ডি। কেন সম্পত্তি লিখে দেওয়া হল!

সেই প্রশ্নেই বছরের পর বছর বাবা-মা'য়ের উপর অত্যাচার চালায় ছেলে বলেই অভিযোগ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলার মদনাপল্লি এলাকার। বৃদ্ধ বাবা-মাকে শারীরিকভাবে নিগৃহ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

বাবা ভেঙ্কট রামানা রেড্ডি এবং মা লক্ষ্মম্মা, ছেলের বাড়িতেই থাকতেন। রবিবার জমি সংক্রান্ত বিষয়ে পরিবারে গণ্ডগোলের সৃষ্টি হয়। তারপরই উত্তেজিত হয়ে বাবা-মা'কে ব্যাপক মারধর শুরু করেন শ্রীনিবাসুলু।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নিগৃহের ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বাড়ির উঠোনে বসে থাকা অবস্থায় মা'কে প্রথমে বেধড়ক মারধর করতে। তারপরই সজোরে বুকে লাথি মারা হয়। সাধ না মেটায় চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি বাইরে নিয়ে যাওয়া হয়। বাবার উপর চড়াও হয়ে চড় থাপ্পড়ের সঙ্গে লাথি মারা হয়। ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শ্রীনিবাসুলু রেড্ডিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শারীরিক নিগৃহের পরই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মদনাপল্লির এক পুলিশ আধিকারিক অসুস্থ বৃদ্ধ দম্পতিকে দেখতে গিয়ে অত্যাচারী ছেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ আধিকারিক যুবরাজুর বলেন, "শ্রীনিবাসুলু রেড্ডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ৩২৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।"