পুবের কলম, ওয়েবডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) নবী মুহাম্মদ সা. সম্পর্কে মন্তব্যের জন্য বিজেপির দুই মুখপাত্র, নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে কঠোর শাস্তির দাবি করেছে।ওই দু’জনকে দল থেকে বরখাস্ত করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুসলিম ল বোর্ড বলেছে, নিছক বহিষ্কার যথেষ্ট নয় এবং দু’জনেরই "কঠোর শাস্তি" হওয়া উচিত।
আরও পড়ুন:
মুসলিম ল-বোর্ডর সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি এক বিবৃতিতে বলেছেন, “দেশের ক্ষমতাসীন দলের কিছু কর্মী নবী মুহাম্মদ সা.কে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। এটি দেশের এবং বিশ্বব্যাপী সকল মুসলমানদের জন্য তীব্র আঘাতের ও যন্ত্রণার কারণ হয়েছে।
এতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের জঘন্য অপরাধের জন্য অপরাধীদের দল থেকে সাসপেন্ড করা অবশ্যই ভালো কাজ কিন্তু তা যথেষ্ট নয়। যারা এই ধরনের অপকর্ম করে তাদের কঠোর শাস্তি দেওয়া দিতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিরুদ্ধে এমন একটি আইন প্রণয়ন করা উচিত যাতে বিভিন্ন ধর্মের পবিত্র ব্যক্তিত্বের (বিশ্বাসের প্রতীক) অবমাননাকে নিন্দনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয় এবং অবিলম্বে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যেতেই পারে।”আরও পড়ুন:
এর পাশাপাশি তিনি আরও বলেছেন, "উত্তর প্রদেশের কানপুরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে ধরণের একতরফা এবং বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দুঃখজনক এবং নিন্দনীয়"।
আরও পড়ুন:
মূলত জ্ঞানবাপী মসজিদ বিতর্ক চলাকালীন একটি টেলিভিশন শোতে হজরত মুহম্মদ সা.কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। যাতে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। অবশেষে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কারণে তাঁকে সাসপেন্ড করে বিজেপি। সেইসঙ্গে বরখাস্ত করা হয়েছে দলের মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দালকেও।