গাজা, ২৫ এপ্রিল: অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল রাষ্টসংঘ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাদ্য সংকট থেকে জল ও ওষুধের প্রয়োজনীয়তা মেটাতে ১.২১ বিলিয়ন ডলার মানবিক সাহায্যের আবেদন জানাল রাষ্টসংঘের ইউএনআরডাব্লুএ (UNRWA) সংস্থা। এবিষয়ে কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক বিবৃতিতে বলেছেন, "গাজায় যুদ্ধের ক্ষত ব্যাপক আকার নিয়েছে। পশ্চিম তীরে ক্রমশ সহিংসতা বাড়ছে।
" একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, "স্বাস্থ্য-শিক্ষা এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা পৌঁছাতে ইউএনআরডব্লিউএকে সহায়তা করা প্রয়োজন।"বিবৃতিতে বলা হয়েছে, এই মানবিক আবেদনের লক্ষ্য হল, গাজা উপত্যকায় ১.৭ মিলিয়ন ফিলিস্তিনি এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ২ লাখেরও বেশি শরণার্থীর সবচেয়ে জরুরি প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। গত মার্চে রাষ্টসংঘ গাজায় 'দুর্ভিক্ষ' নিয়ে সতর্ক করেছিল। ওই অঞ্চলে মানবিক বিপর্যয় রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছিল ইউএন (UN)।
আরও পড়ুন:
এদিকে, ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩৪,২০০ জন নিহত হয়েছে। ৭৭,২০০ জন আহত হয়েছে। রাষ্টসংঘের মতে, দীর্ঘ সময় ধরে চলা ইসরাইলি হামলার ফলে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই এলাকার ৮৫% মানুষ খাদ্য, পানীয় জল এবং ওষুধের অভাবে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।