মোকতার হোসেন মন্ডল: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। এই বিশেষ দিনে একটি বিবৃতির মাধ্যমে তিনি শুভেচ্ছা বার্তা প্রদান করেন এবং মুসলিম সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেন।
আরও পড়ুন:
আহমদ হাসান ইমরান বলেন, ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ শুধু উৎসব নয়, এটি ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও ঈমানের প্রতীক এই উৎসবের মূল শিক্ষা হলো আত্মনিয়ন্ত্রণ, সংযম ও নিঃস্বার্থতা।
তাই কুরবানি যেন শুধুই এক আনুষ্ঠানিকতা প্রদর্শন না হয়ে ওঠে, তা সুনিশ্চিত করতে হবে।আরও পড়ুন:
সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বিশেষভাবে মুসলিম সমাজের উদ্দেশ্যে বলেন, কুরবানি দেওয়ার সময় যেন ধর্মীয় নির্দেশিকা মেনে চলা হয় এবং কোনো প্রকার অযথা প্রদর্শন, সামাজিক বিরোধ বা অস্বস্তির কারণ না হয়। পশু জবাইয়ের সময় ও স্থান নির্বাচন এবং তার পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, কুরবানির সময় আমাদের মানবিকতা, সংবেদনশীলতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটানো প্রয়োজন।
ঈদের আনন্দ যেন প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেই দিকটাও মাথায় রাখা জরুরি। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ মেনে চলাই হবে প্রকৃত ঈদ পালন। এই বিষয়ে সমাজের ইমাম, আলেম, মুফতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বিবৃতির শেষে আহমদ হাসান ইমরান বলেন, “এই ঈদ হোক শান্তি, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। সকলকে আবারও জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক।”