পুবের কলম, ওয়েবডেস্ক: আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন জাতীয় কংগ্রেসে। দলের অন্যতম বর্ষীয়ান নেতা তথা নগাঁওয়ের বর্তমান সাংসদ প্রদ্যুৎ বরদলৈ বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন কুমার বরা দল ছাড়ার ঠিক এক মাসের মাথায় বরদলৈয়ের এই দলবদল আসামের বিরোধী শিবিরের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, বুধবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়ার উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন নগাঁওয়ের প্রভাবশালী কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ।
প্রদ্যুৎ বরদলৈয়ের যোগদানের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদমাধ্যমকে বলেন, "আজ কংগ্রেসের বর্তমান সাংসদ বিজেপিতে যোগ দিলেন। আপনারা জানেন, প্রদ্যুৎ বরদলৈ একজন অত্যন্ত অভিজ্ঞ ও সিনিয়র সাংসদ। তাঁর আগমনে আমাদের দল নিশ্চিতভাবে আরও শক্তিশালী হবে।" উল্লেখ্য, বরদলৈয়ের বর্তমান সাংসদ পদের মেয়াদ আরও তিন বছর বাকি রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ার পরেই তাঁকে দলে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ এআইসিসি-র আসাম ইন-চার্জ জিতেন্দ্র সিং। তিনি বলেন, "প্রদ্যুৎ বরদলৈয়ের রক্তে কংগ্রেস রয়েছে। আমরা একই পরিবারের সদস্য এবং ভবিষ্যতেও তাই থাকব।"