পুবের কলম, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনিক স্তরে কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার রাজ্য পুলিশের উচ্চপদে বড়সড় রদবদল ঘটাল কমিশন। বুধবার এক নির্দেশিকা জারি করে প্রেসিডেন্সি, মুর্শিদাবাদ, বর্ধমানসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি-কে একযোগে সরিয়ে দেওয়া হলো।
 
অপসারিত আধিকারিকদের জায়গায় অবিলম্বে নতুনদের স্থলাভিষিক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, মুর্শিদাবাদ রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে আসছেন অজিত সিং যাদব। রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব সামলাবেন রাঠৌর অমিতকুমার ভারত। বর্ধমান রেঞ্জে নতুন ডিআইজি নিযুক্ত হলেন শ্রীহরি পাণ্ডে। প্রেসিডেন্সি রেঞ্জে দায়িত্ব নিলেন কঙ্কর প্রসাদ বারুই।
জলপাইগুড়ি রেঞ্জে নতুন মুখ হিসেবে আসছেন অঞ্জলি সিং। কমিশন কেবল রদবদলের নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেনি, বরং কাজে যোগ দেওয়ার ক্ষেত্রেও কড়া সময়সীমা বেঁধে দিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বৃহস্পতিবার ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে নবনিযুক্ত এই পাঁচ পুলিশ কর্তাকে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে হবে। দায়িত্ব গ্রহণের পর দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।
 
ভোটের মুখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই নির্বাচন কমিশন এই ধরণের সাহসী পদক্ষেপ নিয়ে থাকে। বিশেষ করে মুর্শিদাবাদ ও রায়গঞ্জের মতো স্পর্শকাতর এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করে কমিশন স্পষ্ট বার্তা দিতে চাইল যে, ভোটের ময়দানে বিন্দুমাত্র শিথিলতা বরদাস্ত করা হবে না।