পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত সাতজন। মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানা গেছে। ঘিঞ্জি এলাকায় অবস্থিত ওই বহুতলটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজে চরম বেগ পেতে হয় দমকল বাহিনীকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের আবহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ঠিক সাতটা নাগাদ পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রী রাম চকের ২ নম্বর গলির ওই বহুতলটিতে প্রথম আগুনের শিখা দেখা যায়।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বহুতলটির বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং প্রথম তলায় মজুত রাখা পোশাক ও প্রসাধনী সামগ্রী থেকেই আগুনের সূত্রপাত। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ও তৃতীয় তলায় কয়েকটি পরিবার বসবাস করত। আগুনের তাপে এবং দমবন্ধ করা ধোঁয়ায় তাঁরা ভেতরেই আটকে পড়েন।
দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করলেও সাতজনকে বাঁচানো সম্ভব হয়নি। ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাণ বাঁচাতে ওপরের তলা থেকে নিচে ঝাঁপ দেন দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।