পুবের কলম, ওয়েবডেস্ক: বাবার ব্যবসার হাল ধরবেন বলে বড় স্বপ্ন নিয়ে ২০২৪-এর শুরুতে কানাডায় পাড়ি দিয়েছিলেন গুরকিরাত সিং মানোচা। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল। ব্রিটিশ কলম্বিয়ার ফোর্ট সেন্ট জন এলাকায় একদল উন্মত্ত যুবকের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর কুড়ির ভারতীয় এক ছাত্র। অভিযোগ, ১০-১২ জন মিলে তাকে বেধড়ক মারধর করার পর গাড়ির তলায় পিষে দেয়।
জানা গিয়েছে, উজ্জয়িনীর বাসিন্দা গুরকিরাত ব্রিটিশ কলম্বিয়ার নর্দান লাইটস কলেজে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি শোকসন্তপ্ত পরিবারটিকে সব ধরণের প্রশাসনিক ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়া গুরকিরাতের উজ্জয়িনীর পূর্বতন কলেজ কর্তৃপক্ষ তার সম্মানে একটি মূর্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে।