পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে শহরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একটি বৈদ্যুতিক গাড়িতে আগুন লাগার পর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, ভোর প্রায় চারটা নাগাদ গাড়িটিতে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওই সময় গাড়িটি চার্জে লাগানো ছিল বলে জানা গেছে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনের বিভিন্ন তলায়।গভীর রাতে ঘটনা ঘটায় প্রথমে কেউ বিষয়টি টের পাননি। আগুন ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর দেন। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। দমকলের পাঁচটি ইঞ্জিন দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত দুটি তলা থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গেছে, বাড়ির ভিতরে অন্তত ১০টি গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সেগুলোর বিস্ফোরণ ঘটে, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকলকর্মীরা এখনও ভবনের অন্য তলাগুলোতে তল্লাশি চালাচ্ছেন। প্রশাসনের তরফে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।