পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই বুধবার গুজরাটের মুন্দ্রা বন্দরে সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রায় ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পৌঁছেছে একটি ভারতীয় ট্যাঙ্কার। কেন্দ্রের দাবি, দেশে আপাতত জ্বালানির কোনও ঘাটতি নেই এবং এই সরবরাহ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে।
তবে এতেই নিশ্চিন্ত নয় সংসদের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক স্থায়ী কমিটি। বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে তারা কেন্দ্রকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। কমিটির মতে, ইরানকে ঘিরে সংঘাতের ফলে জ্বালানি সঙ্কটের সম্ভাবনা তৈরি হয়েছে, তাই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। এই পরিস্থিতিতে কমিটি অন্তত ৯০ দিনের অপরিশোধিত তেলের মজুত রাখার সুপারিশ করেছে। ২০২৬-২৭ সালের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে এই লক্ষ্যে পৌঁছাতে কেন্দ্রকে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এর পাশাপাশি তেলের বিকল্প উৎস খুঁজে বের করার উপরও জোর দিয়েছে কমিটি, যাতে ভবিষ্যতে সরবরাহে কোনও সমস্যা না হয়।
একই সঙ্গে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য রান্নার গ্যাসের সরবরাহ যেন ব্যাহত না হয়, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যায্য দামে গ্যাস পৌঁছে দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দিতে বলেছে সংসদীয় কমিটি।