পুবের কলম,ওয়েবডেস্ক: বিনামূল্যে ফোন পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ। অভিযুক্ত রাজস্থানের এক সরকারি কর্মী। সরকারি প্রকল্পের অধীনে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার ছুতোয় ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে, অভিযোগ নির্যাতিতার পরিবারের।  বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মরুরাজ্যের কারাউলি জেলায়। অভিযুক্তের নাম সুনীল কুমার (৩৫)।
রাজস্থানের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের এক আধিকারিক।

জানা গেছে, ঘটনার দিন নির্যাতিতা বাড়িতে একা ছিলেন। বাবা কর্মসুত্রে জয়পুরে থাকেন। মা কোনও কাজে বাইরে গিয়েছিলেন। ১৭ বছরের কিশোরী বাড়িতে একা আছে দেখে তার কাছে যায় সুনীল।
কিশোরীকে সংশ্লিষ্ট প্রকল্প ও মোবাইল ফোনের কথা জানান তিনি।  নির্যাতিতা তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে, সুনীল তাকে নিষেধ করে। এও বলে দ্রুত না গেলে, সে আর ফোন পাবে না। সুনীলের প্রলোভনে পা দিয়ে তার সঙ্গে চলে যায় ওই কিশোরী। অভিযোগ, এরপরেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সুনীল।
অভিযুক্তকে  আটকানোর চেষ্টা করলে ছুরি বার করে কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেয় সে। কাতর কণ্ঠে ছেড়ে দেওয়ার আর্জি জানালেও, কানে মোহর এঁটেছিল সুনীলের। প্রাণে মারার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করে কিশোরীকে। কোনওভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিজের মা’কে সবটা জানায় সে। খবর প্রকাশ্যে আসতেই সরকারি আধিকারিককে গাছে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। পরে মেয়েকে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। সংশ্লিষ্ট ঘটনার পর পলাতক রয়েছে ওই সরকারি কর্মী। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।