পুবের কলম, কলকাতা: রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধ্যক্ষ বা স্পিকার হিসেবে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন। জানা গিয়েছে, রথীন্দ্র বোস পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দীর্ঘকাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে প্রথমবার বিধানসভায় পা রেখেছেন তিনি। প্রথমবার বিধায়ক হয়েই স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পেতে চলেছেন এই বলিষ্ঠ নেতা।
আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস, তিনি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।” এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, দলের রাজ্য সভাপতি এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে আলোচনার পর সর্বভারতীয় সভাপতির অনুমোদন নিয়েই রথীন্দ্রবাবুর নাম চূড়ান্ত করা হয়েছে। তাঁর কথায়, “অধ্যক্ষ পদ চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি উচ্চ শিক্ষার প্রয়োজন। রথীন্দ্রবাবু একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
তাঁর মতো নিষ্ঠাবান ও শিক্ষিত মানুষকে পেয়ে আমরা আশাবাদী।”আরও পড়ুন:
মনোনয়ন পাওয়ার পর মুখ্যমন্ত্রী এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রথীন্দ্র বোস। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দল যে গুরুদায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ ও সহযোগিতা নেব। সকলের আশীর্বাদ নিয়ে জনস্বার্থে কাজ করতে আমি বদ্ধপরিকর।”