বিশেষ প্রতিবেদন: ঘুমের ঘাটতি ও অনিয়মের কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। ‘জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর চালানো এই গবেষণাটি সম্প্রতি প্রকাশ পায়। কম ঘুমানো, অনিয়ম করে ঘুমানো এবং তার সঙ্গে ধমনীর গায়ে চর্বি, কোলেস্টেরল ইত্যাদি জমার ফল কী হতে পারে তা নিয়েই এই গবেষণা।
এর আগের বিভিন্ন গবেষণায় ভালো ঘুম না হওয়া, ঘুমের পরিমাণ ঠিক না থাকা, ভেঙে ভেঙে ঘুম আসা ইত্যাদির সঙ্গে হৃদরোগ ও হৃদরোগের কারণে মৃত্যুর সম্পর্ক পাওয়া গিয়েছে। তবে অ্যাথেরোস্ক্লেরোসিসের সঙ্গে ঘুমের সম্পর্ক নিয়ে খুব বেশি তথ্য অতীতে জানা যায়নি। আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে গড়ে ৬৯ বছর বয়সী ২,০০০-রও বেশি মানুষকে দীর্ঘকালীন এ গবেষণার জন্য নির্বাচন করেন গবেষকরা। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে গবেষণায় অংশগ্রহণকারীদের ঘুমের পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
একই সময়ে তাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যও নিয়মিত পরীক্ষা করা হয়। এতে গবেষকরা দেখতে পান, যাদের ঘুমের ব্যাপ্তিকাল অনিয়মিত ছিল, তারা অন্য যে কারও চেয়ে  ১.৪ গুণ বেশি হৃদরোগের ঝুঁকিতে ছিলেন। ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার-এর সহকারী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক কেলসি ফুল বলেন, এই ফলাফল এটিই ইঙ্গিত করে যে, নিয়মিত ঘুম হলে বা প্রতিরাতে ভালো ঘুম হলে তা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফাইনবার্গ স্কুল অব মেডিসিন-এর প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের  চেয়ারম্যান ড. ডোনাল্ড লয়েড-জোন্স বলেন, হৃৎপিণ্ড ভালো রাখতে ঘুম গুরুত্বপূর্ণ। এছাড়া নিয়মিত বিশ্রাম না করলে হৃৎপিণ্ড ও সংবহনতন্ত্র চাপে থাকে বলেও জানান লয়েড-জোন্স।