আইভি আদক: কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল বালির সমবায়পল্লীর এক বাসিন্দা । নাম দেবব্রত বর (৪৬)। ১১ জন সদস্যের একটি ট্রেকিং দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় গিয়েছিলেন তিনি। জানা গেছে, পাহাড়ের একটি নির্দিষ্ট গন্তব্য  ছুঁয়ে ফেরার পথে  শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার।

পর্যাপ্ত চিকিৎসার অভাবে মাঝপথেই মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭মে বাড়ি থেকে ট্রেকিং এর উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত। ১৯ তারিখ ভিডিয়ো কলে শেষবার  পরিবারের সঙ্গে কথা হয়। এরপর উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি।

ফলে আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার।

২৫ তারিখ নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে আসার পথে অসুস্থ বোধ করেন ওই ট্রেকার। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। মঙ্গলবার এই খবর আসার পরেই শোকের ছায়া নামে পরিবারে। জানা গিয়েছে, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে।