আজ বহু প্রতীক্ষিত গণনার দিন। দীর্ঘ ভোটপর্বের পর আজই ঘোষণা হতে চলেছে বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। গত ১৫ মার্চ নির্ঘণ্ট ঘোষণার মাধ্যমে শুরু হওয়া এই নির্বাচনী প্রক্রিয়ায় মোট ৮২৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে এবং ভাগ্য নির্ধারণের অপেক্ষায় রয়েছেন ৮ হাজার ৯০৪ জন প্রার্থী।

অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনা। তিনস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি কেন্দ্র—প্রথম স্তরে পুলিশ, দ্বিতীয় স্তরে পুলিশ ও আধাসেনার যৌথ মোতায়েন এবং সবচেয়ে ভেতরের স্তরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে কার্যকর রয়েছে বিএনএসের ১৬৩ ধারা, ফলে কোনও জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি প্রতিটি কেন্দ্র ও তার আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যে গণনাকর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের প্রবেশ করতে হবে এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। কাউন্টিং এজেন্টদের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

গণনা প্রক্রিয়াও অত্যন্ত কঠোর নিয়মে পরিচালিত হচ্ছে। সকালে প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়েছে।

প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের, সকাল ৮টা থেকে আলাদা কক্ষে। এরপর সকাল ৮টা ৩০ মিনিট থেকে ধাপে ধাপে ইভিএমের ভোটগণনা শুরু হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ১৪ রাউন্ড গণনা হবে, যা সর্বোচ্চ ২৮ রাউন্ড পর্যন্ত যেতে পারে।

ফল ঘোষণার ক্ষেত্রেও এবার কড়া নিয়ম চালু হয়েছে। প্রতিটি রাউন্ডের ফল আগে ট্যাবুলেশন টেবিলে যাচাই করা হবে, তারপর রিটার্নিং অফিসার ও কাউন্টিং অবজার্ভারের স্বাক্ষরের পরই তা প্রকাশ করা হবে। এমনকি প্রতিটি রাউন্ডের তথ্য কমিশনে পাঠানোর পরই পরবর্তী রাউন্ড শুরু হবে।

সবশেষে পোস্টাল ব্যালট ও ইভিএমের ফল মিলিয়ে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গে মোট ২ হাজার ৯২৬ জন প্রার্থীর মধ্যে জয়ী হবেন মাত্র ২৯৩ জন। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে।ওই আসনের ফল আজ ঘোষণা করা হবে না।

বাংলার পাশাপাশি আজই ঘোষণা হবে বাকি চার রাজ্যের ফলাফল। একইসঙ্গে কর্ণাটক, ত্রিপুরা, মহারাষ্ট্র, গুজরাত, গোয়া এবং নাগাল্যান্ডের কয়েকটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও প্রকাশিত হবে।